আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টির কারণ জানতে আইসিসিকে ই-মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে খেলা দেখতে গিয়ে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
তিনি জানান, সোমবার আইসিসির সিদ্ধান্তের বিষয়টি জানার পরপরই বিসিবির পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমজাদ বলেন, ‘সিদ্ধান্তটি আসার পর আমরা আইসিসির কাছে এর কারণ জানতে চেয়েছি। বিষয়টি তাদের অভ্যন্তরীণ হলেও আমরা ব্যাখ্যা চেয়েছি।’
বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশের অংশগ্রহণ না থাকলেও সে দেশের গণমাধ্যমকর্মীরা বড় টুর্নামেন্ট কাভার করতে পারেন—এটাই আন্তর্জাতিক রীতি। উদাহরণ টেনে তিনি বলেন, ‘২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলেনি, তবুও আমাদের সাংবাদিকরা কাভার করেছিলেন। ফিফা বিশ্বকাপেও বাংলাদেশ দল কখনো খেলেনি, কিন্তু আমাদের সাংবাদিকরা নিয়মিত কাভার করছেন।’
আমজাদের মতে, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের বিশ্বকাপ কাভারের সুযোগ পাওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার দেশ। আমরা না খেললেও বিশ্বকাপ তো অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমাদের সাংবাদিকরা দেশের দর্শকদের জন্য বিশ্বকাপের খবর উপস্থাপন করতে পারতেন।’
বিশ্বকাপে অংশ না নেওয়া ও অ্যাক্রিডিটেশন বাতিল—এই দুই বিষয়কে এক করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিসিবির এই কর্মকর্তা। তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমরা নির্দিষ্ট ভেন্যু বা দেশের বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। পুরো বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো আমাদের প্রথম পছন্দ ছিল না। বিকল্প প্রস্তাব দেওয়া হলেও তা পূরণ হয়নি। এই সিদ্ধান্তের সঙ্গে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলকে যুক্ত করা ঠিক হবে না।’

