বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট।।

ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত হস্তক্ষেপে’ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। তিনি বলেন, ওয়াশিংটনের নির্দেশনা মেনে চলতে চলতে ভেনেজুয়েলার সরকার ক্লান্ত হয়ে পড়েছে।

সোমবার ভেনেজুয়েলার পুয়ের্তো লা ক্রুজ শহরে আয়োজিত এক জনসভায় ভাষণ দিতে গিয়ে দেলসি রদ্রিগুয়েজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, “ভেনেজুয়েলার রাজনীতি ভেনেজুয়েলানদের হাতেই থাকা উচিত। আমাদের অভ্যন্তরীণ সংকট আমরা নিজেরাই সমাধান করব।”

তিনি আরও বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে সংগ্রামের ফলেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে বিচারপ্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।

মাদুরোর অপহরণের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দেলসি রদ্রিগুয়েজ, যিনি এর আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবেও দাবি করেন তিনি।

জনসভায় দেলসি রদ্রিগুয়েজ বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে ভয় পাওয়ার প্রশ্নও নেই। তাঁর ভাষায়, “আমরা পারস্পরিক সম্মান, আন্তর্জাতিক আইন ও ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে চাই।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন