বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশিদের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস ওমানের

ডেস্ক রিপোর্ট।।

ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশ সহজ করার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলীবাওয়াইন সালিম আল-বুসাইদি জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে।

এ তথ্য জানানো হয় সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন বৈঠকে, যেখানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুরের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী।

বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের তথ্য জানিয়েছে।

বৈঠকে অধ্যাপক আসিফ নজরুল ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন, বিশেষ করে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণ প্রক্রিয়া নিয়ে। তিনি আরও জানান, বাংলাদেশি দক্ষ কর্মী যেমন প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের জন্য ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়াতে এবং অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য স্থগিত ওয়ার্ক ভিসা পুনর্বিবেচনার জন্য ওমান সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

ওমানে শ্রমমন্ত্রী জানান, ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়েছিল। তবে বাংলাদেশের জন্য নতুন ওয়ার্ক ভিসা পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে এবং এটি দুই মাসের মধ্যে কার্যকর হবে।

বৈঠকে অধ্যাপক আসিফ নজরুল বাংলাদেশি অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি, আইনি সংস্কার, প্রেরণের আগে দক্ষতা যাচাই ও প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন-কানুন সম্পর্কে সচেতন করার উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটি (জেটিসি)–এর পরবর্তী অধিবেশন আহ্বান করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির জন্য ইতিমধ্যেই চূড়ান্তকৃত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্যও ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন