রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতায় আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উল্লেখযোগ্য উন্নতি করেছেন টাইগার নারীরা।

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে ক্যারিয়ার সেরা উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা। ২২ ধাপ এগিয়ে তিনি এখন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৩৫তম স্থানে অবস্থান করছেন।

এদিকে নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক রান করা দিলারা আক্তার প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন। ৩৩ ধাপ উন্নতির পর তিনি যৌথভাবে অবস্থান করছেন ৭০তম স্থানে।

সোবহানা মোস্তারি সর্বশেষ দুই ম্যাচে ধারাবাহিক ব্যাটিংয়ের সুবাদে ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫২তম স্থানে। একইভাবে স্বর্ণা আক্তার ১৭ ধাপ উন্নতি করে এখন রয়েছেন ৮৩তম স্থানে।

বোলিং বিভাগেও টাইগার নারীদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০তম স্থানে। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ৫৪তম স্থানে।

এছাড়া নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে চার উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ এগিয়ে এখন টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১৪তম স্থানে রয়েছেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দলের মর্যাদা আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন