হরিয়ানার কর্নলে একটি স্টেজ শো চলাকালীন প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হওয়ার ঘটনায় এবার প্রতিবাদে মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ওপার বাংলার অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে ঘটে যাওয়া ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে তার পাশে দাঁড়ান শুভশ্রী।
সম্প্রতি কর্নলে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মঞ্চে ওঠার সময় একদল দর্শকের ভিড়ে পড়ে যান মৌনী। অভিযোগ অনুযায়ী, ছবি তোলার অজুহাতে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে অশালীনভাবে স্পর্শ করেন। মৌনীর দাবি, ভিড়ের মধ্যে দাদুর বয়সী দুই ব্যক্তি এবং তাদের পরিবারের পুরুষ সদস্যরা তার কোমরে হাত দেন, যা তাকে চরম অস্বস্তিতে ফেলে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন মৌনী রায়। তিনি লেখেন, মঞ্চের দিকে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তার কোমরে হাত রেখে ছবি তুলছিলেন। বাধ্য হয়ে তাদের হাত সরাতে বললে তারা বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি বলেও অভিযোগ করেন অভিনেত্রী।
মৌনীর এই সাহসী প্রতিবাদকে সমর্থন জানিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সামাজিক মাধ্যমে লেখেন, “আমরা ২০২৬ সালে বাস করছি, তবু কিছুই বদলায়নি। আজও নারীদের হেনস্তার শিকার হতে হচ্ছে, তাদের ভোগপণ্য হিসেবে দেখা হচ্ছে।”
শুভশ্রী আরও লেখেন, “মৌনী যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তা একেবারেই কাম্য নয়। তুমি অত্যন্ত শক্তিশালী। সকল নারীর প্রতিনিধি হয়ে তুমি এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছ। তোমাকে কুর্নিশ এবং অনেক ভালোবাসা।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রকাশ্যে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দাবি জানিয়ে মৌনী রায়ের পাশে দাঁড়িয়েছেন।

