চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এ সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের একটি কার্যালয় ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১০ আসনের জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালীর গণসংযোগ শেষে ফেরার সময় বিএনপি সমর্থিত কার্যালয়ের সামনে স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

