বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী সেলিম

ডেস্ক রিপোর্ট।।

সিলেট-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন,নির্বাচিত হলে আমাকে জিজ্ঞাসা না করে কারও বাড়িতে পুলিশ যেতে পারবে না। যাকে ধরতে যাবে, তার অপরাধের প্রমাণপত্র ছাড়া গ্রেপ্তারের অনুমতি পাবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে নিজের নির্বাচনী এলাকায় আয়োজিত এক জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

সেলিম উদ্দিন বলেন, “সিলেট অঞ্চলের মানুষের আত্মসম্মানবোধ প্রবল। অকারণে পুলিশ কোনো বাড়িতে যাওয়া মানে পরিবারের সম্মানহানি। অথচ কিছু অসাধু মহল দালালদের মাধ্যমে থানাকে ব্যবহার করে মামলা বাণিজ্য চালাচ্ছে। আমি নির্বাচিত হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় আমার অনুমতি ও প্রমাণ ছাড়া পুলিশ কোনো বাড়িতে যাবে না।”

তিনি আরও বলেন, “যাকে গ্রেপ্তার করা হবে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ থাকতে হবে। কেবল হয়রানির উদ্দেশ্যে কোনো পুলিশ সদস্য বা দারোগা কারও বাড়িতে যেতে পারবে না—এটা আমার চূড়ান্ত কথা।”

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে বাড়ি যেতে চাইলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। নইলে সামনে দিনে এমন অবস্থা হবে, মাছের বাজার করেও নিরাপদে ঘরে ফেরা যাবে না।”

এ সময় তিনি নারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন। বলেন, “চাঁদাবাজি, দখলবাজি আর ভয়ভীতির রাজনীতির দিন শেষ হতে হবে। দোকান বা বাড়ি নির্মাণে চাঁদা দেওয়ার সংস্কৃতি আর চলবে না। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকায় এসব অন্যায় আর সহ্য করা হবে না।”

জনসভায় সেলিম উদ্দিন আরও বলেন, “কেউ যদি কোনো নিরপরাধ মানুষের ওপর হাত তোলে, সেটা আমার ওপর হাত তোলার শামিল। এমন ঘটনার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন