কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণ প্রকল্পে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০২৫ সালের ২৭ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং আসামির মাধ্যমে আলামত নষ্ট বা সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে দুদক।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, অ্যারনেস ইন্টারন্যাশনালের মালিক লুৎফুল্লাহ মাজেদ, এমডি মাহবুব আনাম, সাবেক উপসচিব মো. শফিকুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো. ইউনুস ভূঁইয়া।
এজাহারে উল্লেখ করা হয়, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, প্রচলিত ক্রয়বিধি ও সরকারি নিয়ম লঙ্ঘন করে একটি চীনা কোম্পানিকে কার্যাদেশ দিতে সহযোগিতা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে স্থানীয় এজেন্ট প্রতিষ্ঠান অ্যারনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যোগসাজশে অন্তত ১৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

