বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট।।

ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সামরিক মহড়া চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে। একই সঙ্গে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বড় নৌবহর মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ‘বহুদিনব্যাপী প্রস্তুতি মহড়া’ পরিচালনা করবে। মহড়ার মাধ্যমে যুদ্ধবিমান দ্রুত মোতায়েন, ছড়িয়ে দেওয়া এবং দীর্ঘ সময় ধরে পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা হবে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, মহড়ার লক্ষ্য হলো সামরিক সম্পদ ও জনবল ছড়িয়ে দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা, যে কোনো পরিস্থিতিতে নমনীয় সামরিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা।

মহড়ার নির্দিষ্ট তারিখ, স্থান ও অংশগ্রহণকারী সরঞ্জামের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এর আগে সোমবার, সেন্টকম জানিয়েছে যে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণতরীতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান ও প্রায় ৫ হাজার নাবিক, পাশাপাশি একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যা রণতরীর প্রতিরক্ষা নিশ্চিত করবে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রনও মোতায়েন করেছে। এই ইউনিট ২০২৪ সালের ইরানের সঙ্গে সংঘর্ষে অংশগ্রহণ করেছিল। যুক্তরাজ্যও ‘প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’ টাইফুন যুদ্ধবিমান পাঠিয়েছে।

সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বাহরাইনের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষামূলক মহড়া হবে, যেখানে ড্রোন প্রতিহত করার সক্ষমতা অনুশীলন করা হবে। সব কার্যক্রম স্বাগতিক দেশের অনুমোদন ও বেসামরিক–সামরিক সমন্বয় সাপেক্ষে পরিচালিত হবে।

যদিও যুক্তরাষ্ট্র এই মহড়ার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চাচ্ছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইতিমধ্যে জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজস্ব আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার অনুমোদন দেবে না এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।

উল্লেখ্য, এ মহড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক সম্পদ ও আঞ্চলিক অংশীদারদের সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি যেকোনো হঠাৎ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রস্তুতি নিশ্চিত করাও অন্যতম লক্ষ্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন