সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের কাছে জামায়াতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের নেতারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

ইইউ প্রতিনিধি দলের সদস্য ছিলেন পলিটিক্যাল অ্যানালিস্ট মার্সেল ন্যাগি ও লিগ্যাল অ্যানালিস্ট এরিনি গোউনারিস। তারা দেশব্যাপী নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর গণসংযোগ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. একেএম ফজলুল হক, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম, মহানগরী মহিলা জামায়াতের নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জামায়াত নির্বাচনী আচরণবিধি ও দেশের আইন-কানুন মেনে শান্তিপূর্ণ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছে। তিনি উল্লেখ করেন, নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্থা দেশের নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক, এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে আগামী ৩১ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ আয়োজন করা হবে। পাশাপাশি চট্টগ্রাম-১০ আসনে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের আটজন কর্মী আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি।

বৈঠকে জামায়াত নেতারা নিজেদের নির্বাচনী অঙ্গীকারও তুলে ধরেন। তারা বলেন, ক্ষমতায় আসলে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সরকার গড়ে তোলা হবে, শিক্ষা, অর্থনীতি ও জনকল্যাণমূলক খাতের উন্নয়ন ত্বরান্বিত করা হবে এবং চট্টগ্রামের দীর্ঘদিনের স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ইইউ প্রতিনিধিরা নারী নেতাদের সঙ্গে আলাপের সময় জানতে চেয়েছেন, তাদের গণসংযোগ কার্যক্রম ও জনসাধারণের সাড়া কেমন। নারী নেত্রীরা জানান, তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার করেছেন।

বৈঠকে জামায়াত নেতারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা প্রকাশ করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন