সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শেরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জাতি: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট।।

শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ এখন দেখতে চায় আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে পরিস্থিতি সামাল দেয় এবং জাতিকে কেমন নির্বাচন উপহার দেয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বুধবার বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বিএনপি সমর্থকদের হামলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, ওই হামলায় ৫০ জনের বেশি জামায়াত সমর্থক আহত হন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মাওলানা রেজাউল করিমের মৃত্যু হয়।

জামায়াত আমির নিহত নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীদের ধরতে কোনো ধরনের গড়িমসি হলে তা জাতি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন