ইরানে মার্কিন সামরিক অভিযানের ক্রমবর্ধমান হুমকির মুখে উদ্ভূত উত্তেজনা প্রশমনে জরুরি সফরে তুরস্ক পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ইস্তাম্বুলে পৌঁছালে তুর্কি কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে আঙ্কারার মধ্যস্থতা বা বিশেষ কোনো চুক্তির পথ খুঁজতেই এই আকস্মিক সফর।
সফরকালে আরাঘচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তির হুঁশিয়ারি দিয়ে বিশাল রণতরী পাঠানোর ঘোষণা দিলে এই উত্তেজনা চরম আকার ধারণ করে। ইরানও পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, হামলা হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হবে। এমন পরিস্থিতিতে তুরস্কের এই মধ্যস্থতাকারী ভূমিকা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল-জাজিরা
