বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রবাসীদের ভোট উৎসবে নতুন দিগন্ত: পোস্টাল ব্যালটে রেকর্ড সাড়া

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন ভোটদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট প্রবাসীদের অবস্থানরত দেশে পৌঁছেছে। এসব ব্যালটের মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

ইসির তথ্য অনুযায়ী, ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। এ পর্যন্ত ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি ব্যালট দেশে এসে পৌঁছেছে।

অন্যদিকে, ডাক বিভাগের মাধ্যমে দেশে অবস্থানরত পোস্টাল ভোটারদের মধ্যেও ভোটগ্রহণ কার্যক্রম চলছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী (আইসিপিভি) ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ব্যালট গ্রহণ করেছেন, ৪ হাজার ৯০২ জন ভোট দিয়েছেন এবং ২ হাজার ৩৯৪ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, জাতীয় নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন