রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ‘আসল বিশ্বকাপ’ মানতে নারাজ ভারতীয় ধারাভাষ্যকার, দিলেন নতুন নাম

ডেস্ক রিপোর্ট।।

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। সংক্ষিপ্ত সংস্করণের এই আসর ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকলেও, এটিকে বিশ্বকাপ হিসেবে মানতে রাজি নন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে ভিন্নমত প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাঞ্জরেকার বলেন, তার কাছে ক্রিকেটের প্রকৃত বিশ্বকাপ বলতে শুধু ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপই বোঝায়।

তিনি লেখেন, “আমার কাছে ক্রিকেট বিশ্বকাপ মানে সবসময়ই ওয়ানডে বিশ্বকাপ। দুই বছর পরপর অনুষ্ঠিত টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টকে চার বছর পরপর হওয়া ওয়ানডে বিশ্বকাপের সমমানে দেখা উচিত নয়।” একই সঙ্গে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিন্ন নামও প্রস্তাব করেন। তার মতে, এই টুর্নামেন্টের উপযুক্ত নাম হতে পারে ‘দ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি’।

মাঞ্জরেকারের এই মন্তব্যের পেছনে রয়েছে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। সাম্প্রতিক বছরগুলোতে ওয়ানডে সংস্করণের প্রাসঙ্গিকতা হারানোর আলোচনা ক্রিকেটবিশ্বে নতুন নয়। বিশেষ করে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময়ও বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।

এই উদ্বেগে মাঞ্জরেকার একা নন। চলতি মাসের শুরুতে সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

টি-টোয়েন্টির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটের অবস্থান নিয়ে এমন আলোচনা নতুন করে মাথাচাড়া দিচ্ছে, আর মাঞ্জরেকারের মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন