পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ১২টি স্থান জুড়ে শনিবার (৩১ জানুয়ারি) একযোগে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ৩৭ সন্ত্রাসীও নিহত হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, হামলাগুলো ভারতের সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যদের দ্বারা পরিচালিত হয়েছিল। তবে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তাদের সব হামলাই ব্যর্থ করা হয়েছে।
রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনও চলছে। গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট ৮৮ সন্ত্রাসী নিহত হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার হারনাই ও পাঞ্জগুর জেলায় চালানো অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারী রিন্দ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের পরপরই এই হামলা চালানো হয়েছে।
হামলার পর কুয়েটা, সিবি ও চামানে মোবাইল ফোন সেবা চালু থাকা সত্ত্বেও ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। বেলুচিস্তানের পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি সরকারি সম্পদের ক্ষতি এবং নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এই সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীরা বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না। জনগণের সমর্থনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেছে।”

