রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশকে বাদ দিয়ে বিপদে ভারত

ডেস্ক রিপোর্ট।।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের প্রভাব ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের প্রচেষ্টাকেও হুমকির মুখে ফেলতে পারে।

গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং পরবর্তী সময়ে একই কারণে বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকেই এই পরিস্থিতির সূত্রপাত। নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই অনুরোধ গ্রহণ করেনি।

পরবর্তীতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। গার্ডিয়ানের মতে, এই সিদ্ধান্ত কেবল ক্রীড়াক্ষেত্রেই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির পরিসরেও প্রভাব ফেলছে।

প্রতিবেদনে বলা হয়, ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত বর্তমানে এগিয়ে থাকলেও, রাজনৈতিক বা কূটনৈতিক হস্তক্ষেপের অভিযোগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বরাবরই কঠোর অবস্থানে থাকে। সে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনা ভারতের অলিম্পিক আয়োজনের সম্ভাবনাকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।

গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, অলিম্পিক আয়োজন করতে চাইলে ভারতকে আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে হবে। অন্যথায় বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর আয়োজনের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ২০২৪ প্যারিস অলিম্পিকে তিনি মশাল প্রজ্বলন করেন। ফলে সাম্প্রতিক ক্রীড়া ও কূটনৈতিক ঘটনার বিষয়টি আইওসির নজরে আনা তার জন্য কঠিন কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে।

গার্ডিয়ান সতর্ক করে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সৃষ্ট এই পরিস্থিতির প্রভাব ২০২৮ অলিম্পিক এবং পরবর্তী অলিম্পিক আয়োজনের সিদ্ধান্তেও প্রতিফলিত হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন