বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইউরোপের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ডেস্ক রিপোর্ট।।

ইউরোপীয় ইউনিয়নের পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ ঘোষণা দেন।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

এক ভিডিও বার্তায় বিপ্লবী গার্ডের পোশাক পরে স্পিকার গালিবাফ বলেন, “আইনের ৭ নম্বর ধারার আওতায় ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে এখন থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হবে। এটি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণার সরাসরি জবাব।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে অন্ধভাবে অনুসরণ করে ইউরোপীয় দেশগুলো নিজেদের জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। বিপ্লবী গার্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা মূলত নিজেরাই ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভ দমনে ইসলামিক বিপ্লবী গার্ড কঠোর শক্তি প্রয়োগ করে। এর জেরে প্রতীকি পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়।

ইরানের পার্লামেন্ট স্পিকার জানান, ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটিকে নির্দেশ দেওয়া হবে। প্রয়োজনে তাদের ইরান থেকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর ইসলামিক বিপ্লবী গার্ড প্রতিষ্ঠা করা হয়। এটি ইরানের সামরিক বাহিনীর একটি বিশেষ শাখা হলেও দেশটির রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে এর ব্যাপক প্রভাব রয়েছে। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বও এই বাহিনীর হাতে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন