মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক মহড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, তেহরানের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ এবং তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে রূপ নিতে পারে।
রোববার ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত—তারা যদি যুদ্ধ শুরু করে, তবে সেটি আর সীমিত থাকবে না; এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে।
তিনি সতর্ক করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দেন, তাহলে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তু করবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনায় রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধজাহাজ পাঠানোর হুমকি দিচ্ছে, কিন্তু ইরানিদের এসব হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। “ইরানি জনগণ মার্কিন সামরিক ভঙ্গি বা হুমকিতে আতঙ্কিত নয়,” বলেন তিনি।
এদিকে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ইরান চলতি মাসের মাঝামাঝি সময়ে হরমুজ প্রণালির পাশাপাশি দক্ষিণ চীন সাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা জোরালো হচ্ছে।

