রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কই সাফল্যের চাবিকাঠি: তটিনী

ডেস্ক রিপোর্ট।।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়েই দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। মিষ্টি হাসি, সহজ-সরল ব্যক্তিত্ব ও সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন টেলিভিশন নাটকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজের পরিবেশ, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক এবং নিজেকে ‘লক্ষ্মী মেয়ে’ বলা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তটিনী মনে করেন, কাজের জায়গায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখাই একজন শিল্পীর এগিয়ে যাওয়ার অন্যতম শর্ত। তিনি বলেন, “আপনি যদি সবার কথা শোনেন এবং মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে দর্শক যেমন আপনাকে ভালোবাসবে, তেমনি সেটে থাকা সবাইও আপনাকে পছন্দ করবে। আমার কাছে শুটিং সেটই সবচেয়ে প্রিয় জায়গা।”

শুটিং সেটের পরিবেশ প্রাণবন্ত রাখতে নিজের সচেষ্ট ভূমিকার কথাও জানান তটিনী। তার ভাষায়, “আমি চাই সবাই যেন আনন্দ নিয়ে কাজ করে। সেটে গেলে সবার মুখে হাসি দেখতে আমার খুব ভালো লাগে।”

তিনি আরও বলেন, “আমি চেষ্টা করি যেন আমাকে দেখে সবাই খুশি হয়—যে আপু সেটে আছে। মিলেমিশে কাজ করা আর ভালো পারফরম্যান্স দেওয়াই আমার লক্ষ্য। বাকিটা দর্শকই বিচার করে।”

শোবিজ অঙ্গনে তটিনীকে অনেকেই ‘লক্ষ্মী মেয়ে’ বলে থাকেন। এ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, “লক্ষ্মী বলতে আমি যতটা সম্ভব কথা শোনার চেষ্টা করি। যেটা আমার কাছে সঠিক মনে হয় সেটা করি, আর যেটা ভুল মনে হয় সেটা সুন্দরভাবে বুঝিয়ে বলি।”

ব্যক্তিত্ব ও পেশাদার আচরণের এই সমন্বয়ই তটিনীকে দর্শক ও সহকর্মীদের কাছে আলাদা করে তুলেছে বলে মনে করেন অনেকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন