সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে। কেউ যদি নতুন কোনো রূপে আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে পীরের বাগ কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার দায়িত্ব যুবসমাজের। তিনি বলেন, “এই যুবকরাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি চাই বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে তোমরা বসো, আর আমি যাত্রী হয়ে পাশে থাকবো।”

তিনি আরও বলেন, অতীতের নোংরা ও ব্যর্থ রাজনীতি থেকে বেরিয়ে এসে তরুণরাই একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নেতৃত্বে থাকলেও তিনি যুবকদের সঙ্গেই মাঠে থাকার অঙ্গীকার করেন।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় নারীদের প্রতি অবমাননার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, কিছু ঘটনায় মায়েদের অপমান করা হয়েছে, তবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “মায়ের অপমান কোনো সন্তানের পক্ষে সহ্য করা সম্ভব নয়।”

নিজেকে ঘিরে ছড়ানো গুজব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। যাদের নিজের চরিত্রে শক্তি নেই, তারাই অন্যের চরিত্র হননের চেষ্টা করে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে দেশের তরুণ সমাজ এবং সাধারণ জনগণ জেগে উঠেছে। এটিই তার কাছে ‘নতুন বাংলাদেশ’-এর প্রতিচ্ছবি। একই সঙ্গে তিনি বলেন, মায়েরাও এখন ন্যায় ও ইনসাফের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করছেন।

একজন নারীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, অনেক নারীই প্রকাশ্যে জামায়াতকে সমর্থন জানাচ্ছেন এবং তারা আর ভয়ভীতির রাজনীতি চান না। তাদের প্রত্যাশা—সন্ত্রাস, ভোট কারচুপি ও দখলদারিত্বমুক্ত একটি বাংলাদেশ।

শেষে যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, সবাই মায়ের সন্তান এবং মায়ের সম্মান রক্ষায় যুবকদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, “ইনশাল্লাহ, এই বাংলাদেশ তোমাদের হাতেই গড়ে উঠবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন