বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করছে, তারাই আবার ষড়যন্ত্র করছে। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল আইডি হ্যাকের ঘটনায় মিথ্যাচারের অভিযোগ তুলে বলেন, একটি রাজনৈতিক দল ইসলামী শাসনের কথা বললেও নির্বাচনের আগে নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে। তিনি বলেন, এরা মূলত নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা প্রকাশ্যে নারীদের হেয় করেছেন। অথচ ইসলামের ইতিহাসে মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মজীবী নারী ও সফল ব্যবসায়ী—যা তাদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, তারা সুযোগ পেলে নারীদের সঙ্গে কেমন আচরণ করবে, তা একাত্তরের ইতিহাস থেকেই স্পষ্ট। যাদের কাছে নারীর সম্মান নেই, তাদের কাছে দেশও নিরাপদ থাকতে পারে না।
জামায়াতের মধ্যেও নারী সদস্য থাকার প্রসঙ্গ তুলে বিএনপি চেয়ারম্যান বলেন, তারা তো ঘরের বাইরে আসছেন—তাহলে নারীদের ভূমিকা নিয়ে দ্বিচারিতা কেন? এখন নারীদেরই ভাবতে হবে, তারা কীভাবে এর জবাব দেবেন।
ভোট নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় সময় লাগবে। এটি নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত। যারা নারীদের হেয় করছে ও মিথ্যাচার করছে, তারাই এই ষড়যন্ত্রে জড়িত। সবাইকে ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, আর ২০২৪ সালে ছাত্র-জনতা দেশ রক্ষায় ভূমিকা রেখেছে। গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সেই সময় এসেছে—১২ তারিখে জনগণ তাদের অধিকার প্রয়োগ করবে।
তারেক রহমান বলেন, বিএনপি কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায়। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিএনপি সরকার গঠন করলে গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে জানান তিনি। খুলনাকে মৃত শিল্পনগরী থেকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সেখানে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তরুণদের জন্য আইটি পার্ক ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর কথাও বলেন তিনি।
তারেক রহমান বলেন, ধানের শীষ দেশ পুনর্গঠনের প্রতীক। আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি মোকাবিলায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন—যা প্রমাণ করে বিএনপি জনগণের দল।
শেষে তিনি বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানেই বিএনপি দেশ পরিচালনা করতে চায়।

