শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হককে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) মাহমুদুল হক জামিনের আবেদন করেন। একইসঙ্গে মামলার মোট ৪০ আসামিকে আগাম জামিন দেওয়া হয়েছে।
গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে আহত মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়।
মৃত্যুর ঘটনায় ৩০ জানুয়ারি রাতে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়। নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) মামলার বাদী। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখসহ ৭৩৪ জনকে আসামি করা হয়েছে। এতে বিএনপির কয়েকজন হেভিওয়েট নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নামও অন্তর্ভুক্ত আছে।
সংঘর্ষের পর ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

