বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াতের আমিরের ব্যানার

ডেস্ক রিপোর্ট।।

বিশ্বব্যাপী জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স বাংলাদেশের দর্শকদের মাঝেও বেশ পরিচিত। সিরিজটির বহুল ব্যবহৃত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ এবং আইকনিক কভার পোস্টার এবার ভিন্ন এক প্রেক্ষাপটে দেখা গেছে চট্টগ্রামে।

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের হালিশহর ও চকবাজার এলাকার বিভিন্ন স্থানে গেম অব থ্রোন্স-এর আদলে তৈরি একাধিক ব্যানার চোখে পড়ে। ব্যানারগুলোতে সিরিজটির অন্যতম প্রধান চরিত্র জন স্নোর জায়গায় বসানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি।

ব্যানারে জন স্নোর হাতে থাকা তলোয়ারের পরিবর্তে এডিট করে দেওয়া হয়েছে দাঁড়িপাল্লা, যা জামায়াতের প্রতীক হিসেবে পরিচিত। পুরো ব্যানারের পটভূমিতে রয়েছে তুষারাচ্ছন্ন পরিবেশ, নেকড়ের ছবি এবং সিরিজটির পরিচিত ভিজ্যুয়াল স্টাইল। নিচের অংশে লেখা রয়েছে— ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’।

এ নিয়ে নগরবাসীর মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নজর কাড়ে। ফেসবুকে ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’ নামে একটি গ্রুপের অস্তিত্ব পাওয়া গেছে, যাদের পক্ষ থেকেই ব্যানারগুলো সাঁটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ কক্সবাজার সফর শেষে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। তার আগমনকে কেন্দ্র করেই ব্যানারগুলো টানানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন