সাইবার বুলিং প্রতিরোধে কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়, বরং তার কার্যকর ও কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। একই সঙ্গে তিনি মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর আঞ্চলিক বা দেশীয় কার্যালয় বাংলাদেশে স্থাপন করা হলে সাইবার অপরাধ দমনে বড় ধরনের অগ্রগতি সম্ভব।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিম আয়োজিত ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রাজধানীর বায়ুদূষণ, যানজট, তরুণদের কর্মসংস্থান সংকটসহ নানা সামাজিক ও নাগরিক সমস্যা উঠে আসে। এসব প্রসঙ্গে জাইমা রহমান বলেন, সমস্যাগুলোর সমাধানে নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন।
শিক্ষা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই যথাযথ উদ্যোগ নেওয়া গেলে শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি উচ্চশিক্ষা পর্যায়ে মূল পাঠ্যক্রমের বাইরে ব্যবহারিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করা জরুরি।
তরুণদের দেশ গঠনে আগ্রহের বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জাইমা রহমান বলেন, দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের জন্য উপযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা প্রয়োজন।
অনুষ্ঠানটি তরুণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং মুক্ত আলোচনার মাধ্যমে সমসাময়িক নানা ইস্যু উঠে আসে।

