পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, শাবান মাসের এই মহিমান্বিত রাত মানবজাতির জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহন করে। শবে বরাত এমন এক বরকতময় রজনী, যখন মহান আল্লাহ তার বান্দাদের জন্য ক্ষমা ও করুণার দ্বার উন্মুক্ত করে দেন।
বাণীতে তিনি উল্লেখ করেন, শবে বরাতের ফজিলত ও মর্যাদা অপরিসীম এবং এই রাত পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নিজেদের ভুল-ত্রুটি ও সীমালঙ্ঘনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমলের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।
তারেক রহমান আরও বলেন, শবে বরাতের অন্যতম তাৎপর্য হলো নাজাত বা মুক্তিলাভ। এ রাতে মুমিনরা সব ধরনের অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। মহান আল্লাহ তার অনুগ্রহপ্রার্থীদের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শন করেন।
বাণীতে তিনি সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এই মহিমান্বিত রাতে মানুষের কল্যাণে আত্মনিয়োগের প্রত্যয় মহান আল্লাহ কবুল করবেন।
এ সময় তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠা, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আল্লাহর কাছে একান্ত মোনাজাত করার আহ্বান জানান।
বাণীর শেষাংশে বিএনপির চেয়ারম্যান পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম বিশ্বের অব্যাহত উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।

