বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোকাবিলায় সক্ষম ইরান

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। তার দাবি, সম্ভাব্য যেকোনো সামরিক সংঘাতে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করার সক্ষমতা রাখে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে দেশটির জনগণ, সরকার ও সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানান।

বক্তব্যে শেখ নাইম কাসেম বলেন, “ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি প্রতিরোধের প্রতীক। যারা সর্বশক্তিমান আল্লাহর ওপর নির্ভর করে, বিজয় শেষ পর্যন্ত তাদেরই হয়। ইরান এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়লেও ইরান তার অবস্থানে অটল রয়েছে এবং প্রয়োজনে নিজের সামরিক ও কৌশলগত সক্ষমতা প্রমাণ করতে প্রস্তুত।

লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি জানান, গত বছর ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত মানতে লেবানন আর বাধ্য নয়। বরং চুক্তি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা পাঁচ সদস্যের মনিটরিং কমিটির উচিত ইসরায়েলকে চুক্তির শর্ত মানতে বাধ্য করা।

তার অভিযোগ, ইসরায়েল এখনো যুদ্ধবিরতির একাধিক শর্ত লঙ্ঘন করছে, যা শুধু লেবানন নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ নেতার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার মধ্যে এ ধরনের মন্তব্য নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন