সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর দিন: শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন সাধারণ নয়। এটি সেই নির্বাচনের দিন, যখন ৫৪ বছর ধরে মানুষের সঙ্গে প্রতারণা করা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানো হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া হবে। মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে চুরির মাল বের করা হবে।”

তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে উন্নয়নের বাইরে রাখার অনিয়ম বন্ধ করা হবে। “উন্নয়নের যাত্রা শুরু হবে এই বঞ্চিত অঞ্চল থেকেই। ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করে কৃষি ও অর্থনীতির চিত্র পরিবর্তন করা হবে।”

বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডকে সমালোচনা করেন। বিএনপিকে কিছুটা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে দেশের সেবায় জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। এছাড়া নারীর মর্যাদা রক্ষা এবং তরুণদের নেতৃত্বের সুযোগ দেওয়ার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমানের সভা প্রসঙ্গে জানা গেছে, সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। তারপরে লালমনিরহাটে তিস্তা হেলিপ্যাডে হেলিকপ্টারে এসে তিনি লাখো জনতার সামনে বক্তৃতা করেন।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিন।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন