সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার অঙ্গীকার জামায়াতের

ডেস্ক রিপোর্ট।।

ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়।

ইশতেহারে বলা হয়, জামায়াত ক্ষমতায় গেলে প্রতিবেশী ও নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে অগ্রাধিকার দেওয়া হবে। ভারতের পাশাপাশি ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথাও উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্রনীতি বিষয়ে জামায়াত জানায়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকদের মর্যাদা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হবে।

ইশতেহারে আরও বলা হয়, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকারভিত্তিতে জোরদার করার পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডাসহ উন্নত দেশগুলোর সঙ্গে গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে।

এ ছাড়া পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে নতুন করে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার কথাও জানায় দলটি।

জামায়াতের ভাষ্য অনুযায়ী, তাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হবে জাতীয় স্বার্থ সংরক্ষণ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন