বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা নেই, পুলিশ আতঙ্কিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় তথাকথিত ‘মব ভায়োলেন্স’ নামে কোনো বাস্তবতা নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কোনো ধরনের ভয় বা শঙ্কা কাজ করছে না। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি অশোভন বা অনৈতিক আচরণে জড়ায়, তাহলে সেটি সামাজিকভাবেই প্রকাশ পাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি জনসমর্থন হারাবে। তবে কেউ সীমা অতিক্রম করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখছে। তার মতে, নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা নেই।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সভায় রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন