রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা চারটি অভিযোগের মধ্যে দুইটির প্রাথমিক সত্যতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ ও যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তিন দফা সময় বাড়িয়ে চলতি বছরের ২ ফেব্রুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ওই প্রতিবেদন গ্রহণ করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্ত দল তথ্য-উপাত্ত পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, জাহানারা আলমের সঙ্গে মঞ্জুরুল ইসলাম পেশাগত শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহানারা আলমের উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে তৎকালীন নারী দলের ব্যবস্থাপক ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের অনুপযুক্ত আচরণের প্রাথমিক প্রমাণ মিলেছে।

বিসিবি আরও জানায়, তদন্তে এমন কিছু আচরণ ও কর্মকাণ্ড চিহ্নিত হয়েছে, যা পেশাদার মানদণ্ডের সঙ্গে অসংগতিপূর্ণ এবং সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী হয়রানির আওতায় পড়ে।

উল্লেখ্য, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ গত ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হয়েছে। তবে অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিসিবির আইনি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ২০০৯ সালের হাইকোর্টের রায়ের আলোকে বিসিবি একটি অভিযোগ ও সুরক্ষা কমিটি গঠন করেছে। বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলাকে এই কমিটির প্রধান করা হয়েছে।

ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশের ক্রিকেট অঙ্গনে নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন