জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
শফিকুল আলম বলেন, নির্বাচন শেষ হওয়ার পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্রুততার সঙ্গে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে। তিনি জানান, সময়ের বিষয়টি বিবেচনায় নিলে তিন দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
তার ভাষায়, “১৫, ১৬ কিংবা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।”
একই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই স্পষ্ট অবস্থান জানিয়েছে যে, নির্বাচন সম্পন্ন হওয়ার পর সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে সরকার সরে যাবে।

