যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক মোকাবিলা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। যদিও চুক্তি সংশ্লিষ্ট আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে, ৮ ফেব্রুয়ারি।
তবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পৃথকভাবে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তারা।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ওয়াশিংটনে অনুষ্ঠেয় এই সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে আরও রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার রইছ উদ্দিন খান।
৩ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশ অনুযায়ী, প্রতিনিধি দলটি আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারি দেশে ফিরবে।
চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া সম্পর্কে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা ইতোমধ্যে ঢাকায় বসেই স্বাক্ষর করেছেন। প্রতিনিধি দলটি সেই স্বাক্ষরিত নথি ওয়াশিংটনে নিয়ে যাবে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ার।
মন্ত্রণালয় সূত্র জানায়, শীর্ষ দুই কর্মকর্তার জাপান সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তারা ওয়াশিংটনে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না।
এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জাপানের রাজধানী টোকিওতে আগামীকাল বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) স্বাক্ষরের কথা রয়েছে। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নিতেই তাদের জাপান সফর।

