জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতার বৈধতা আসে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য রাজনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা ছাড়া কোনো সরকারই জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে পারে না। তিনি জনগণ ও তরুণ প্রজন্মের সামনে রাজনীতির ইতিবাচক চিত্র উপস্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ডা. শফিকুর রহমান প্রস্তাব করেছেন, একটি প্রকাশ্য মঞ্চে উভয় নেতা সরাসরি আলোচনায় বসবেন, যেখানে তাদের ইশতেহার ও রাজনৈতিক পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জনগণের ওপর রাখা হবে।
তিনি আরও বলেন, “আমরা আমাদের ইশতেহার জাতির সামনে উপস্থাপন করব এবং জনগণই নির্ধারণ করবে—কারা তাদের প্রতিনিধিত্ব করবে।” স্ট্যাটাসের শেষাংশে তিনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সবাইকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

