দেশের সোনার বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। দাম কমানোর ঘোষণার একদিনের মধ্যেই ফের সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬ ডলারে। আগের দিন যা ছিল ৪ হাজার ৮৫০ ডলার।
এর আগে জানুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। ২৯ জানুয়ারি দেশের বাজারে এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ইতিহাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে, যা দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা।

