জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যানচেস্টারের সরাসরি ফ্লাইট বন্ধ রয়েছে। ক্ষমতায় এলে ম্যানচেস্টারের সঙ্গে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হবে, পাশাপাশি আমেরিকা ও কানাডার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল স্কুল মাঠে জেলা জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার দায়িত্ব নিতে অবহেলা করে। জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসলে মরদেহ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
সভায় জেলা ও কেন্দ্রীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ ও ২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং ভোটের আহ্বান জানান।

