আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে চাঁদাবাজদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। তার এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির দৈর্ঘ্য প্রায় ৪৬ সেকেন্ড।
ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, আনোয়ারা থানার চাতরী এলাকা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল, যেখানে ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর স্থানীয় অর্থনীতি নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, ওই এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।
ভিডিওতে তাকে দুই হাত জোড় করে বলতে শোনা যায়, “১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।” একই সঙ্গে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এ বিষয়ে বলেন, “এ ব্যাপারে প্রার্থী নিজেই ভালো বলতে পারবেন। আমি ভিডিওটি দেখিনি। দিনরাত প্রচারণায় ব্যস্ত রয়েছি।”

