সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আওয়ামী লীগের ভোটারদের ৩৭.৯% বিএনপিকে ৩৭% জামায়াতকে ভোট দিতে আগ্রহী

ডেস্ক রিপোর্ট।।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটারদের একটি বড় অংশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার’। সংস্থাটির জরিপে দেখা গেছে, আওয়ামী লীগের প্রায় ৩৭ দশমিক ৯ শতাংশ ভোটার বিএনপিকে এবং ৩৭ শতাংশ ভোটার জামায়াতে ইসলামিকে ভোট দিতে আগ্রহী হতে পারেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে উপস্থিত ছিলেন সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ এবং ভয়েজ ফর রিফর্মের সম্পাদক ও বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্য থেকেই এবারের ভোটের প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। জরিপ অনুযায়ী, ৩৭ দশমিক ৯ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে সমর্থন করার কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ড. শিব্বির আহমেদ বলেন, ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭—এই চারটি নির্বাচনি আসনে ভোটারদের মতামত নেওয়া হয়েছে। এসব আসনকে প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে।

জরিপে আরও উঠে এসেছে, অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ১০ দশমিক ৮ শতাংশ এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এছাড়া ৬ দশমিক ১ শতাংশ ভোটার তাদের মতামত জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন এবং ৫ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট না দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।

গবেষণা সংস্থাটি বলছে, এই জরিপের ফলাফল ভোটারদের রাজনৈতিক মনোভাব ও সমর্থনে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন