রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নাচের জন্য ভক্তদের মঞ্চে ডেকে বিপাকে শাহিদ কাপুর

ডেস্ক রিপোর্ট।।

ভক্তদের উচ্ছ্বাস কখনো কখনো যে তারকাদের জন্য বিপদ ডেকে আনতে পারে, সেটাই যেন প্রমাণ হলো বলিউড অভিনেতা শাহিদ কাপুরের সাম্প্রতিক এক অনুষ্ঠানে। নতুন সিনেমা ‘ও রোমিও’–এর গান প্রকাশ অনুষ্ঠানে হঠাৎ সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাময়িকভাবে মঞ্চ ছাড়তে বাধ্য হন তিনি।

মুম্বাইয়ে আয়োজিত সিনেমাটির ‘পান কি দুকান’ গান লঞ্চিং ইভেন্টে শাহিদ কাপুরের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। অনুষ্ঠানের এক পর্যায়ে মজার ছলে কয়েকজন ভক্তকে মঞ্চে এসে নাচার আমন্ত্রণ জানান শাহিদ। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, একসঙ্গে বিপুল সংখ্যক ভক্ত মঞ্চের দিকে ছুটে আসেন এবং শাহিদকে ঘিরে ধরেন। এতে অনুষ্ঠানস্থলে হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয়। নিরাপত্তাকর্মীরা ভিড় সামলাতে ব্যর্থ হলে নিরাপত্তার স্বার্থে দ্রুত অভিনেতাকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত ভক্তদের সামলাতে নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় মঞ্চে ফিরে আসেন শাহিদ কাপুর। তিনি ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান এবং সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠানটি শেষ হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন