বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে শুল্ক আরও কমার আশাবাদ সরকারের

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরের অপেক্ষায় থাকা বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত শুল্ক আরও কমতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

উপদেষ্টা জানান, একসময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানিপণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে ২০ শতাংশে নামানো সম্ভব হয়েছে। তবে চুক্তির শর্তাবলী প্রকাশ পাওয়ায় বাংলাদেশ কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, “চুক্তির শর্তাবলী প্রকাশ না হলে আমরা ২০ শতাংশের চেয়েও কম শুল্ক সুবিধা পেতাম বলে আমার বিশ্বাস। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশই একমাত্র দেশ, যেখান থেকে চুক্তির বিষয়বস্তু বিশ্বব্যাপী প্রকাশ পেয়েছে।”

আসন্ন চুক্তি নিয়ে তিনি বলেন, শুল্ক আরও কতটা কমানো যায় সে বিষয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে নির্দিষ্ট কোনো হার জানাতে তিনি অনিচ্ছা প্রকাশ করেন। তিনি স্পষ্ট করেন, সামগ্রিকভাবে সব পণ্যের শুল্ক কমানোর চেয়ে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টসের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার দিকেই সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রায় এক লাখ কোটি টাকার রপ্তানি সম্ভাবনা রয়েছে এবং সঠিক উদ্যোগ নিলে এ রপ্তানি আরও ব্যাপকভাবে বাড়ানো সম্ভব। এই সম্ভাবনাকে বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন