বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা, ইরান ক্ষেপণাস্ত্র বানাবেই

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনা শুরু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে ইরান। তবে একই সঙ্গে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা ক্ষেত্রণাস্ত্র বানাবেই। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার টেবিলে আসবে না। তেহরানের পক্ষ থেকে এটিকে ‘লাল দাগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে, দেশটির ভূখণ্ডে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক শক্তি প্রদর্শনের মধ্যেই দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হবে বলে তিনি আশা করছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওমানে মধ্যস্থতামূলক আলোচনার পর আগামী সপ্তাহে আরেক দফা বৈঠকের পরিকল্পনা রয়েছে।

শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, শুক্রবার অনুষ্ঠিত আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার বিষয় ছিল না। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায়, তবে এর জবাব দেওয়া হবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হেনে।

আরাগচি জানান, মাসকাটে হওয়া আলোচনা পরোক্ষ হলেও সেখানে আমেরিকান প্রতিনিধিদলের সঙ্গে করমর্দনের সুযোগ তৈরি হয়েছিল। তার ভাষায়, এই আলোচনা একটি ‘ভালো সূচনা’, তবে পারস্পরিক আস্থা গড়ে তুলতে এখনো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে।

তবে ইরানের সাধারণ জনগণের মধ্যে আলোচনাকে ঘিরে তেমন আশাবাদ দেখা যাচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক নারী আল জাজিরাকে বলেন, আগের অভিজ্ঞতার আলোকে তার মনে হয় এই আলোচনাও কোনো দৃশ্যমান ফল ছাড়াই শেষ হতে পারে।

এদিকে কুয়েত বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞ আবদুল্লাহ আল-শায়জি মনে করেন, নতুন কোনো সমঝোতার সম্ভাবনা থাকলেও বাস্তবতা নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন।

কাতারের দোহায় আল জাজিরা ফোরামে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত কঠোর এবং ইসরায়েলের প্রভাবেই তারা ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে। ওয়াশিংটনের ধারণা, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের পর ইরান তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছে এবং এ সুযোগে তারা সহজে ছাড় আদায় করতে পারবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন