রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে বিসিবি-পিসিবি-আইসিসির বৈঠক, ২৪ ঘণ্টার মধ্যেই আসতে পারে বড় সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট।।

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রোববার হঠাৎ পাকিস্তানের লাহোরে সফর করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতেই তার এই সফর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই বৈঠকে বিসিবি সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভি। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে মূলত আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু বা কোনো সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কোনো পক্ষই। তবে ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আইসিসির কাছে কয়েকটি শর্ত দিয়েছে পিসিবি। এসব শর্ত মানা হলে আগামী ১৫ ফেব্রুয়ারি বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ মাঠে গড়াতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে পাকিস্তান সরকারের অনুমোদনও প্রয়োজন বলে জানা গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, বৈঠকে আইসিসির কর্মকাণ্ডে রাজনৈতিক প্রভাব থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পিসিবি। একই সঙ্গে আইসিসির সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বাড়তি প্রভাব রয়েছে—এমন অভিযোগও তোলে তারা।

সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলতে পিসিবি তিনটি শর্ত উত্থাপন করে, যেখানে বাংলাদেশের বিষয়টিও আলোচনায় উঠে আসে। বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়া এবং বিশ্বকাপ অংশগ্রহণ ফি নিশ্চিত করার দাবিও শর্তের মধ্যে ছিল। জিও নিউজের দাবি, বাংলাদেশের দাবির বিষয়ে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং বিসিবির উত্থাপিত আপত্তিগুলো সমাধানে একটি কাঠামো বা ফর্মুলা তৈরির আলোচনা হয়েছে।

তবে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে অতিরিক্ত কোনো ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়নি। বরং আইসিসির আয়ের পূর্ণ অংশ বিসিবি পাবে—এমন নিশ্চয়তা দেওয়া হয়েছে।

জিও নিউজ আরও জানায়, বৈঠকে তৈরি হওয়া খসড়া বিষয়গুলো চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসির সদর দপ্তরে ফিরে গেছেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। অন্যদিকে সর্বশেষ পরিস্থিতি সংশ্লিষ্ট মহলকে জানাতে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

খসড়া চূড়ান্ত হলে পরবর্তী করণীয় নির্ধারণে আজ বিকেলে আবারও আইসিসি ও বিসিবির মধ্যে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভির। সেই বৈঠকের পরই ম্যাচটি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন