সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ধর্মঘট স্থগিত, ফের চালু চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচন ও পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। কর্মসূচি স্থগিতের পর সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দরের স্বাভাবিক অপারেশনাল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বন্দর সূত্র জানায়, ধর্মঘটের কারণে বন্ধ থাকা জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালে সোমবার সকাল থেকেই জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরে (আউটার লাইটারেজ)ও নিয়মিত কার্যক্রম চালু হয়েছে। রোববার দিনভর কর্মবিরতির কারণে এসব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।

রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) কোনো চুক্তি হবে না—এমন আশ্বাস পাওয়ায় নির্বাচন ও রোজার আগে পণ্য খালাস নির্বিঘ্ন রাখতে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে একই সঙ্গে বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা, গ্রেপ্তার, শাস্তিমূলক বদলি, বাসা বরাদ্দ বাতিল এবং ১৬ কর্মচারীর সাময়িক বরখাস্তের বিষয়গুলো নিষ্পত্তি না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, “এই সরকারের সময়ে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া এগোবে না—এমন ঘোষণা আমাদের আন্দোলনের একটি প্রাথমিক সাফল্য। সব দিক বিবেচনায় রেখে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। সকাল ৮টা থেকেই শ্রমিক-কর্মচারীরা কাজে ফিরেছেন।”

এর আগে এনসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে গত শনিবার থেকে শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়ে। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়।

ধর্মঘট প্রত্যাহারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। তবে টানা সাত দিন কার্যক্রম বন্ধ থাকায় যে আর্থিক ও লজিস্টিক ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন