আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।
সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এর আগের দিন রোববার নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা জারি করে।
ইসির নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। তবে সাধারণ ভোটার ও অন্যদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে।
জনসভায় নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। আজ সন্ধ্যার মধ্যে যদি এই বিধি-বিধান পরিবর্তন না করা হয়, তাহলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “ইসি যদি পক্ষপাতিত্ব করে, তাহলে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের পরিণতির চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।”
এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, কিছু বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করলেও অন্য দলগুলোর বিজ্ঞাপন গ্রহণ করছে না। তিনি বলেন, “এমন আচরণ দেখে মনে হচ্ছে, তারা হয় চাপের মুখে কাজ করছে, নতুবা নিজেরাই দালালির ভূমিকা পালন করছে।”
এ সময় তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এবারের নির্বাচনে যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়, তাহলে লাঠি হাতে দখলদারদের প্রতিহত করা হবে।

