রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, আসল ঘটনা কী

ডেস্ক রিপোর্ট।।

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া কার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হয়েছে, শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। কার্ডের সঙ্গে একটি লিংকও দেওয়া হয়েছে।

লিঙ্কে ক্লিক করলে দেখা যায় একটি ভিডিও, যেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায় এবং তার পাশে শাকিব খানের উপস্থিতি দেখানো হয়েছে। ভিডিওতে আরও কিছু অভিনেতা ও পরিচিত ব্যক্তিও রয়েছে। ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে দাবি করা হয়েছে, এটি ‘জামায়াতের ভাইরাল গান’-এ শাকিব খানের অংশগ্রহণ।

তবে বিশ্লেষণ করলে দেখা গেছে, এটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। বাস্তবে শাকিব খানের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। ভিডিওটির কমেন্ট বক্সে অনেকেই এটি সত্য বলে বিশ্বাস করছেন।

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, তিনি এই ভিডিও বা কার্ড সম্পর্কে কোনো তথ্যই পাননি। পাশাপাশি জানা গেছে, তিনি আসন্ন নির্বাচনের কোনো রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ করেননি।

বর্তমানে শাকিব খান দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ঈদ উপলক্ষে মুক্তির জন্য একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে তিনি দুই সপ্তাহের বিরতি নেবেন এবং এরপর নতুন সিনেমা ‘রকস্টার’ এর কাজ শুরু করবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন