সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০১ সালে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করার সময় দেশের রাজনীতি ও প্রশাসনের ওপর দুর্নীতির তকমা লেগে ছিল। তবে ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা ছেড়ে দেয়ার সময়, বিএনপি দেশের দুর্নীতির পরিস্থিতি থেকে বের করে আনতে সক্ষম হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সমর্থনে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “গত ১৬ বছরে দেশের যে দুর্নীতি দেখা গেছে, তা দমন করার জন্য একমাত্র বিএনপিই সক্ষম। কারণ আমাদের অভিজ্ঞতা আছে।” তিনি আরও বলেন, খালেদা জিয়ার সরকারের সময় দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। কমিশন স্বাধীনভাবে যে কোনো ব্যক্তির দুর্নীতির তদন্ত করতে পারতো, সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না।

চলমান আইনশৃঙ্খলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “স্বাধীনতার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, তা মুক্তিযোদ্ধারা ভালো জানেন। জিয়াউর রহমানের সময় এবং পরে খালেদা জিয়ার সরকার যখন দায়িত্ব নিয়েছিল, তখন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হয়েছিল, মা-বোনরা নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারতেন, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারতেন।”

তারেক রহমান বলেন, বিএনপির অভিজ্ঞতা রয়েছে দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান ও নারীর শিক্ষা ব্যবস্থা করার ক্ষেত্রে। তিনি দাবি করেন, “দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে পরিকল্পনা দরকার, যা বিএনপির আছে।”

তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে রাস্তা-ঘাট, কালভার্ট ও হাসপাতাল নির্মাণ ও সংস্কার এবং জলাবদ্ধতা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন