রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট।।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলম এবার জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন। গণঅধিকার পরিষদের হয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনি মাঠে নামার পর থেকেই বিভিন্ন বক্তব্য ও ফেসবুক পোস্টের কারণে একাধিকবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেঘনা আলম। সম্প্রতি তার আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রসঙ্গ। এ বিষয়ে আগেই প্রকাশ্যে বক্তব্য দিয়ে বিষয়টি স্বীকার করেছেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবারও সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূতের প্রসঙ্গ টেনে আনেন মেঘনা আলম। পোস্টে তিনি লেখেন, ‘৫ আগস্টের পর বেগম খালেদা জিয়া প্রথম কোন বিদেশি কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন? সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে। এই সাক্ষাতের আইডিয়া ও অনুপ্রেরণা ঈসাকে কে দিয়েছিল? উত্তর—মেঘনা আলম।’

এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৫ নভেম্বর বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

এর আগে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মেঘনা আলম তার নির্বাচনী এলাকা ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান। এই আহ্বানও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও মেঘনা আলম তার বক্তব্য, অবস্থান এবং প্রচারকৌশলের কারণে অল্প সময়ের মধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল কিংবা ব্যক্তিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিন তিনি ঢাকা-৮ আসনের জন্য দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন