সওয়াব অর্জনের শ্রেষ্ঠ সময় রমজান মাস। ইবাদত, রহমত ও মাগফিরাতের এই পবিত্র মাসকে ঘিরে মুসলিম সমাজে রয়েছে অসংখ্য ফজিলত ও বিশ্বাস। তবে এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে সামান্য ভিন্নতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা।
পূর্বাভাস অনুযায়ী, কোনো কোনো দেশে রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে রমজান মাসের শেষ ও শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর অধিকাংশ মুসলিম দেশেই একই দিনে উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজান শুরুর ক্ষেত্রে কিছু মতপার্থক্য দেখা গেলেও শেষের দিকে এই ভিন্নতা থাকবে না। তার মতে, বেশির ভাগ দেশে রমজান শেষ হতে পারে ১৯ মার্চ এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২০ মার্চ।
সংযুক্ত আরব আমিরাতের দৈনিক এমারাত আল ইউম–এ দেওয়া বক্তব্যে তিনি বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এ বছর রমজান মাস হবে ২৯ দিনের। সব তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজান শুরুর সম্ভাবনাই সবচেয়ে বেশি।
তিনি আরও জানান, রমজানের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১ মিনিটে (আমিরাত সময়)। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদ অস্ত যাবে। সে সময় চাঁদের বয়স হবে প্রায় ২ ঘণ্টা ১২ মিনিট, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি এবং সে অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার কথা।

