সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জনগণ নিরাপত্তা, সুশাসন ও ইনসাফ চায়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট।।

রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের সাধারণ ইচ্ছা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণভোট, আর এ গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করে জামায়াত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ নিরাপত্তা, সুশাসন ও ইনসাফ চায়। এসব অঙ্গীকার ও মূল্যবোধের আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত। তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব-পরবর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করলেও সেগুলোর অনেকটাই বাস্তবায়ন হয়নি কিংবা প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, সময়ের দাবিতে রাষ্ট্রের বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানে কাঠামোগত সংস্কার প্রয়োজন। এ সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং তা নিশ্চিত করতেই গণভোটের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভাষণে জামায়াত আমির বলেন, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সামনে রেখে দলটির পরিকল্পনা, কর্মসূচি ও অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতিকৌশল উপস্থাপনের ক্ষেত্রে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করেছে, যার প্রতিফলন রয়েছে নির্বাচনি ইশতেহারে।

তিনি জানান, এসব নীতিমালা প্রণয়নে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।

সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, মহান আল্লাহর ইচ্ছা ও জনগণের সমর্থনে জামায়াত সরকার গঠন করতে পারলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। “ফজরের নামাজ আদায় করেই আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়নে হাত দেব—ইনশা আল্লাহ,” বলেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন