বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা সংশোধন করল ইসি

ডেস্ক রিপোর্ট।।

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত পূর্বের নির্দেশনা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার ও প্রার্থীরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন। তবে গোপন কক্ষের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ভোটার, প্রার্থী, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোটের গোপনীয়তা রক্ষায় গোপন কক্ষে ছবি তোলার অনুমতি থাকবে না। এ ক্ষেত্রে পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা বিধিনিষেধ কার্যকর থাকবে।

সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, এবারের নির্বাচনে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক অংশ নিচ্ছেন। আমন্ত্রিতদের মধ্যে তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও জর্জিয়া থেকে ৬০ জন সাংবাদিক-পর্যবেক্ষক রয়েছেন। এছাড়া আল জাজিরা, রয়টার্স, ডয়েচে ভেলে ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা আসছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন পর্যবেক্ষক নির্বাচনে উপস্থিত থাকবেন।

মোবাইল ফোন সংক্রান্ত বিভ্রান্তির বিষয়ে আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলের নেতারা আজ কমিশনে এসেছিলেন এবং তাদের প্রধান উদ্বেগ ছিল মোবাইল ফোন ব্যবহার নিয়ে। এ বিষয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, যা লিখিতভাবে স্পষ্ট করা সম্ভব হয়নি। মোবাইল ব্যবহারে যে সীমিত বিধিনিষেধ থাকবে, তা বর্তমানে পরিমার্জন করা হচ্ছে।

তিনি জানান, বরগুনা ও ফরিদপুর-১ আসনের ব্যালটে কিছু কারিগরি সমস্যা থাকায় সংশোধন করা হয়েছে। নির্বাচন প্রস্তুতি সঠিক পথেই এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

নির্বাচনের ফল প্রকাশে বিলম্বের আশঙ্কা নাকচ করে ইসি সচিব বলেন, ফলাফল ঘোষণায় দেরির কোনো যৌক্তিক কারণ নেই। ব্যালট গণনার সময়কে বিলম্ব হিসেবে দেখার সুযোগ নেই।

প্রচারণা প্রসঙ্গে তিনি জানান, আগামীকাল সকাল থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেন প্রচারণা না চলে, সে জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম মনিটরিং করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত কোনো গুরুতর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। তবে দুটি প্রাণহানির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনা নিন্দনীয় বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আচরণবিধি ও নির্বাচনী পরিবেশ নিয়ে যেকোনো অভিযোগ যথাযথভাবে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। নির্বাচনী মিছিল ও বক্তব্যে এখনো শালীনতা বজায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন