আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি ঘোষণার পর গাজীপুর শিল্পাঞ্চল থেকে একযোগে ঘরমুখী মানুষের স্রোত নেমেছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার বিকেল থেকেই সাভার-আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও শ্রীপুর এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে। শিল্পকারখানার শ্রমিকদের একসঙ্গে ছুটির কারণে সড়ক ও মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, হেমায়েতপুর, আশুলিয়া, নবীনগর, বাইপাইল, বিশমাইল, টঙ্গী ও শ্রীপুরের বাসস্ট্যান্ডগুলোতে শ্রমিকদের দীর্ঘ সারি। অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় থাকতে হচ্ছে। ছুটির এ যাত্রা অনেকটাই ঈদের সময়কার ভিড়ের মতো রূপ নিয়েছে।
অতিরিক্ত যাত্রীর সুযোগ নিয়ে কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। তবে ভোটের আগে পরিবারের কাছে পৌঁছানোর তাগিদে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন তারা।
একযোগে বিপুলসংখ্যক মানুষ শিল্পাঞ্চল ছাড়ায় বাইপাইল-চন্দ্রা, টঙ্গী স্টেশন রোড ও শ্রীপুর সংযোগ সড়কে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে। এতে অফিসগামী যাত্রী, দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানচালকেরা চরম ভোগান্তিতে পড়েন।
যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে সংশ্লিষ্টদের আশঙ্কা, ছুটির শেষ দিনগুলোতে কার্যকর সমন্বিত ব্যবস্থা গ্রহণ না করা হলে শিল্পাঞ্চলকেন্দ্রিক সড়কগুলোতে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

